পথশিশুদের কীভাবে ধীরে ধীরে পথ থেকে ঘরে ফিরিয়ে নেওয়া যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে যেন বাসাবাড়িতে কাজ করতে না হয়, সে বিষয়ে ব্যক্তিপর্যায় থেকেও উদ্যোগ নিতে হবে। শিশু নির্যাতনের ঘটনায় অনেক সময় আইনের ফাঁকফোকরের কারণে অপরাধীরা পার পেয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন কায়সার কামাল। একই সঙ্গে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিও কর্মকর্তাদেরও এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
সংলাপে শিশুশ্রম নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তারা শিশুশ্রম ও শিশু সুরক্ষা নিয়ে নিজেদের মতামত ও বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রতিবেদকের নাম 





















