দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিক)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে রোববার (২৭ সেপ্টেম্বর) দলটির প্রথম রাজ্য কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে টিভিকের পশ্চিমবঙ্গের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়সহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্ব জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক কর্মসূচির চেয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
চৈতালি রায় বলেন, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রচার ও সংগঠনের কার্যক্রম চালানো হবে। পরে রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা শোনার পরিকল্পনা রয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে সমর্থকেরা অংশ নেন। দলীয় সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গে টিভিকের প্রায় পাঁচ হাজার সমর্থক রয়েছে বলে চৈতালি রায় দাবি করেছেন।
আগামী দিনে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে টিভিক অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলটির রাজ্য সমন্বয়কের বক্তব্য অনুযায়ী, বিষয়টি সাধারণ মানুষের আগ্রহ এবং দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তামিলনাড়ুর রাজনীতিতে টিভিকের নেতৃত্বে রয়েছেন বিজয়। পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খোলার মধ্য দিয়ে এবার রাজ্যটির রাজনৈতিক পরিসরেও দলটির সাংগঠনিক উপস্থিতির সূচনা হলো।
প্রতিবেদকের নাম 



















