কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানানো হয়।
নোটিশে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ পুনরায় চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ১২ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার সকালে শত শত শ্রমিক কাজে যোগ দিতে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান। কারখানাটি আগামী এক মাস বন্ধ থাকলে অন্তত সহস্রাধিক শ্রমিক ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রমিক মৌসুমী আক্তার জানান, কয়েক বছর ধরে বেতন নিয়ে মালিকপক্ষ টালবাহানা করছে। কয়েক মাসের বেতন বকেয়া হলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে বেতন পরিশোধ করে তাদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় চার মাস আগেও এমন আন্দোলনের সময় প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে একটি কাগজে স্বাক্ষর করা হয়েছিল।
তিনি বলেন, তিন-চার মাস পরিস্থিতি ভালো থাকলেও সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ৩ তারিখে দেওয়া হয়। অক্টোবর মাসের বেতন ১৫ তারিখে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও ১২ নভেম্বরের বৈঠকে তা ২৫ তারিখে দেওয়ার কথা জানানো হয়। শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি না হওয়ায় রোববার মালিকপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।
‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’-এর পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ব্যাংক থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। পোশাক শিফটমেন্ট দিতে পারলেই কারখানা চালানো সম্ভব। শ্রমিকরা বিভিন্ন অজুহাতে ঠিকমতো কাজে আসেন না এবং ওভারটাইম করতে চান না। ফলে নির্ধারিত সময়ে পোশাক শিফটমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরও তারা শ্রমিকদের বেতন পরিশোধ করে যাচ্ছেন।
তিনি জানান, বর্তমানে শ্রমিকদের শুধু অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ নভেম্বর বৈঠকে ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মেনে নিতে রাজি হননি এবং আন্দোলনের চেষ্টা করছেন। কোনো ধরনের ঝামেলা এড়াতে বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানা বন্ধের ঘোষণায় চান্দিনার বেলাশহরের ‘ডেনিম গার্মেন্টস’ এলাকাও অচল হয়ে পড়েছে। দোকানপাটে মানুষের উপস্থিতি কমে গেছে এবং পুরো এলাকায় কর্মচাঞ্চল্য হ্রাস পেয়েছে।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, উপজেলায় যোগদানের পর থেকেই তিনি কারখানাটির শ্রমিকদের তিন-চার মাসের বেতন বকেয়া থাকার কথা শুনে আসছেন। পরে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়। এরপর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়া হচ্ছিল।
তিনি বলেন, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে। তা পরিশোধের জন্য মালিকপক্ষ ১৫ দিনের বেশি সময় চেয়েছিল। কিন্তু শ্রমিকরা এতে রাজি হননি। রোববার (১৫ নভেম্বর) শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয় এবং ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের দায়িত্বও নেওয়া হয়েছিল। তারপরও শ্রমিকরা কারও কথা শুনতে চাননি।
শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা চালু করতে পারে বলে তিনি জানতে পেরেছেন। যারা কাজে ফিরতে চান, তাদের সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান ইউএনও।
প্রতিবেদকের নাম 























