বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঝিরিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, কসাইপাড়া এলাকায় কাজ করতে গিয়ে কয়েকজন ব্যক্তি ঝিরিতে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিবেদকের নাম 























