
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শনিবার (২৭ জুন) পুনরায় শুরু হয়েছে। অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের বক্তব্যের একপর্যায়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি দেশ সফর করেছেন, তারা বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বিরোধী দল সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় রপ্তানি বহুমুখীকরণের সুযোগ কাজে লাগাতে হবে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন। তার মতে, এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে সংসদকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সরকারের সফলতা কামনা করেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
প্রতিবেদকের নাম 




















