
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তারাই জাতির ভবিষ্যৎ। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জন করে ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা নয়—খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
সরকার চায় শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকোলেট তুলে দেন।
একই দিন ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীও জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা শেষে শিক্ষার্থীরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক—যে পেশাতেই যাক না কেন, সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা মনে রাখতে হবে। প্রত্যেক মানুষের নিজের পাশাপাশি চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক হলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চা করতে হবে। জানতে হবে দেশের ইতিহাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া বা ভালো ফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব জ্ঞান শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
প্রতিবেদকের নাম 




















