পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় ধরনের রদবদলের গুঞ্জনের মধ্যে আলোচনায় এসেছিলেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন খবরও ছড়িয়ে পড়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যমে।
তবে শোয়েব আখতার জানিয়েছেন, পিসিবির কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। বহু বছর আগে তার মা পিসিবি থেকে দূরে থাকার যে পরামর্শ দিয়েছিলেন, এখনও সেটিই মেনে চলছেন তিনি।
পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে শোয়েব বলেন, এসব খবর অনুমাননির্ভর এবং এর কোনো সত্যতা নেই। তার ভাষ্য, মা তাকে পিসিবি থেকে দূরে থাকতে বলেছিলেন এবং তিনি সেই পরামর্শই মেনে চলবেন।
শোয়েব আরও বলেন, প্রধান নির্বাচক হওয়ার খবর তিনিও শুনেছেন, কিন্তু এসব পুরোপুরি ভিত্তিহীন। পিসিবিতে যাওয়ার ব্যাপারে তিনি মোটেও আগ্রহী নন। তার লক্ষ্য শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি করা।
অন্যভাবেও ক্রিকেটের পাশে থাকতে চান
পিসিবির আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও দেশের ক্রিকেটের জন্য কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন শোয়েব আখতার।
তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটকে সেবা করতে চান তিনি। তবে এর জন্য আনুষ্ঠানিকভাবে পিসিবির সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। অন্য অনেকভাবেও দেশের ক্রিকেটের পাশে থাকা সম্ভব।
প্রতিবেদকের নাম 





















