রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনার সময় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মিরপুরের ঘটনায় তদন্তের নির্দেশ
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেটের যথাযথ যোগাযোগ ছিল না। ফলে সেখানে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিচ্ছিন্ন ঘটনায় সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন নয়
সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। একটি-দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।
চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের তালিকা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। পুলিশের কাছে চাঁদাবাজদের পাশাপাশি সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকাও রয়েছে। এসব তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো তালিকা করা হয়েছে—এমন বিষয় নেই।
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করছে সরকার।
তার ভাষ্য, অভিযোগ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রিপল নাইন নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, গ্রেপ্তার করছে এবং মামলা গ্রহণ করছে।
কোনো ঘটনায় ব্যবস্থা না নেওয়া হলে সেটি পুলিশের ব্যর্থতা হিসেবে বিবেচিত হয় বলেও জানান তিনি। তবে সংশ্লিষ্ট ঘটনাগুলোতে পুলিশের বা সরকারের কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত
রাড্ডা ক্লিনিকের ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
ক্যান্টনমেন্ট থানার মাটিকাটার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে তাকে সমালোচনা করে মামলা হয়েছে—এমন বক্তব্য তার জানা নেই। কেউ এজাহার নিয়ে গেলে মামলা হিসেবে নথিভুক্ত করার আগে পুলিশকে প্রাথমিক তদন্ত করতে হয়। এরপর কেস এন্ট্রি করা হয়।
তিনি বলেন, যিনি মামলা করেছেন বলে দাবি করেছেন, তার নামে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। রিয়েল এস্টেট কোম্পানির প্রতিনিধি হিসেবে ওই কোম্পানির পরিচালক মামলা করেছেন।
সালমান মুক্তাদিরের ঘটনায় তদন্ত চলছে
চাঁদাবাজির অভিযোগ এবং বিএনপিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার কোনো বক্তব্য থাকলে তার বিচার জনগণই করবে।
তিনি বলেন, সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না—সালমান মুক্তাদির নিজেও এমন কথা বলেছেন। তার কাছে চাঁদা চাওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন। এরপরও বিএনপিকে চাঁদাবাজ বলা হয়েছে—এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে। নিউগিনি প্রোপার্টিজ কিংবা পাশের জমির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি—যেই জড়িত থাকুক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















