মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
মিসরের পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় আসওয়ানগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ হয়।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষ হয়।
দুর্ঘটনাস্থলের কাছের কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত সেখানে ছুটে যান। তাঁরা আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
জামাল বলেন, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।
মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া ও দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। দেশটির রেলব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার।
গত সেপ্টেম্বরে একই আল-আইয়াত জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণ মিসরের দিকে যাওয়ার পথে একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
প্রতিবেদকের নাম 






















