
মেট্রোরেলে প্রবীণ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ বিভাগ ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে এই সুবিধা পাবেন। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শনের মাধ্যমে ভাড়ায় ছাড় নিতে পারবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মেট্রোরেলে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ছাড় ছিল। নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এ সুবিধার আওতায় আনা হলো।
তবে দেশে সাধারণভাবে ৬০ বছর বয়সীদের প্রবীণ ধরা হলেও, মেট্রোরেলের ক্ষেত্রে বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালন ব্যয়, রাজস্ব আয় এবং ভবিষ্যতের বৈদেশিক ঋণ পরিশোধের বিষয় বিবেচনায় রেখেই এই সীমা নির্ধারণ করা হয়েছে।
ডিএমটিসিএলের হিসাবে, নতুন এই সুবিধা চালু হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশের সমান।
এদিকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে মেট্রোরেলের আয় ও পরিচালন পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রতিবেদকের নাম 

























