ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করার অনুমোদন দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাঈদ খোকন। একই বছরের ২৩ ডিসেম্বর আদালত তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
প্রতিবেদকের নাম 

























