
ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার, যুদ্ধ পরিচালনার কৌশল এবং প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বাড়ানো। প্রশিক্ষণ কার্যক্রম চীনের বেইজিংসহ বিভিন্ন সামরিক স্থাপনা এবং পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে পরিচালিত হয়।
গোয়েন্দা সূত্রের দাবি, ২০২৫ সালের ২ জুলাই রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিভাষিক সামরিক চুক্তিতে এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি উল্লেখ ছিল। ওই চুক্তি অনুযায়ী, সমসংখ্যক চীনা সেনাদেরও রাশিয়ার সামরিক স্থাপনায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইউরোপীয় এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের সহযোগিতা ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতিকে পরোক্ষভাবে হলেও প্রভাবিত করছে, বিশেষ করে ড্রোন যুদ্ধ কৌশলের উন্নয়নের মাধ্যমে।
অন্যদিকে চীন বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন সংকটে তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং কোনো পক্ষের যুদ্ধ কার্যক্রমে সরাসরি জড়িত নয়।
তবে ইউরোপীয় দেশগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভবিষ্যতে ইউরোপীয় নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার আধুনিক যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া–চীন সহযোগিতা যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























