তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চাল বিক্রি নির্ভর করবে মজুতের ওপর।
এ কার্যক্রমের আওতায় একজন তৈরি পোশাকশিল্পের শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চালের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা।
চাল কেনার জন্য শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টস প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। এজন্য ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে।
প্রাথমিকভাবে এ কর্মসূচি তিন মাস চলবে। এ সময়ের মধ্যে নির্ধারিত এলাকার তৈরি পোশাকশিল্পের কর্মরত শ্রমিকরা প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
প্রতিবেদকের নাম 
























