অনলাইন প্ল্যাটফর্মে পরিচয় গোপন করে ৭০ শিশু-কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ২৭ বছর বয়সী কাজীকে শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্ট এ সাজা দেন।
কারাভোগ শেষে আরও আট বছর তাকে কঠোর নজরদারিতে থাকতে হবে। তবে অন্তত ২০ বছর কারাগারে থাকার পর প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ পাবেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে যুক্তরাজ্যের ২৮টি পুলিশি এলাকায় ৭০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। এর আগে তদন্তকারীরা সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীকে শনাক্ত করেছিলেন।
ছদ্মপরিচয়ে অনলাইনে বন্ধুত্ব, পরে ব্ল্যাকমেইল
তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন কাজী। ‘রিস’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন তিনি।
একপর্যায়ে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও সংগ্রহ করতেন। পরে আরও ছবি দিতে অস্বীকৃতি জানালে আগের ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন।
তদন্তের অংশ হিসেবে কাজীর মোবাইল ফোন থেকে ৪০০টির বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। এ ছাড়া বার্মিংহামে পরীক্ষা করা অন্যান্য ডিভাইস থেকে আরও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া গেছে। একটি ঘটনায় তার প্রকাশ করা ভিডিও ৯৩ জন দেখেছিলেন বলে জানা গেছে।
৩৭টি যৌন অপরাধের অভিযোগ স্বীকার
চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ৩৭টি অভিযোগ স্বীকার করেছেন কাজী। এর মধ্যে ৩৩টি অপরাধের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশও জারি করেছেন আদালত। পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট কাজীকে ‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।
প্রতিবেদকের নাম 
























