ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী এমএ জলিল (অনন্ত জলিল) এবং তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক জমা দেওয়ার পর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হলে ব্যাংকটি এ নোটিশ পাঠায়।
অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এবং তাঁর স্ত্রী খাদিজা পারভীন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু তাঁদের এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে ঋণের অর্থ পরিশোধের শর্তে ঋণটি পুনর্গঠন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ঋণগ্রহীতারা পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করেন।
ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য ২০২৬ সালের ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন অনন্ত জলিল। গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অনন্ত জলিলের। ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর প্রতিটি সিনেমায় চিত্রনায়িকা বর্ষা অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’ ও ‘দিন-দ্য ডে’।
প্রতিবেদকের নাম 

























