
কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা প্রায় তিন ঘণ্টা তিনি দুই হাসপাতালে অবস্থান করেন।
পরিদর্শনকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কিছু অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং সেবার মানে ঘাটতি দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, রোগীদের টিকাদান কেন্দ্র এবং শৌচাগার ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন।
মন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের উপস্থিতির তথ্য যাচাই করেন এবং অনুপস্থিতি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি মৌখিক ছুটি গ্রহণের বিষয়েও আপত্তি জানান।
পরিদর্শনে মেডিসিন ওয়ার্ডে রোগীদের বিছানা ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। রান্নাঘরের অবস্থা দেখে তিনি আরও দায়িত্বশীল ব্যবস্থাপনার নির্দেশ দেন।
পরে তিনি কুকুর–বিড়ালের কামড়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন করে রোগীদের আশ্বস্ত করেন যে এসব টিকা বিনামূল্যে দেওয়া হয় এবং কেউ অর্থ চাইলে জানানোর পরামর্শ দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, অতীতে স্বাস্থ্যখাতে যথাযথ উন্নয়ন না হওয়ায় সেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে সেটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল দ্রুত সংযোজন করা হবে। এতে জেনারেল হাসপাতালের ওপর চাপ কমবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি স্বাস্থ্যখাতে নতুন নিয়োগ, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















