
আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম কমেছে। এর ফলে মূল্যবান ধাতুটির সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৬ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮২ দশমিক ৫০ ডলারে লেনদেন হচ্ছিল।
এর আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পরিসংখ্যান তুলনামূলকভাবে কম থাকায় স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সঙ্গে স্বল্পমেয়াদে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনাও কমেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
সাম্প্রতিক দরবৃদ্ধির পর বিনিয়োগকারীদের একাংশ মুনাফা তুলে নেওয়ায় স্বর্ণের ওপর বিক্রির চাপ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি ও সুদহার নিয়ে প্রত্যাশার পরিবর্তন আগামী দিনগুলোতে স্বর্ণের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে টানা তিন দফা বাড়ানোর পর বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
প্রতিবেদকের নাম 



















