জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস আলিম মাদরাসায় গোসল শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহটি ধামরাইয়ের রাজাপুরের উদ্দেশে রওনা হয়।
‘নসিব’ সিনেমার নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান জানান, ধামরাইয়ের রাজাপুরে নিজ বাড়িতে সোহেল খানের দাফন সম্পন্ন হবে। মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ শুটিং ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে নাশতা করেন তিনি। এরপর নিজের কক্ষে ফিরে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ অসুস্থ ও অস্বস্তি বোধ করতে শুরু করেন তিনি। দ্রুত গাড়িতে করে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যুর আগের ঘটনা জানালেন জয়
অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তাঁরা দুজন হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। সকালে প্রস্তুতি নিয়ে নিচে নামার সময় প্রোডাকশন বয় সোহেল খানের কক্ষে গেলে তিনি কক্ষ থেকে বের হওয়ার সময় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের কাছ থেকে খবর পেয়ে তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেন। জানতে পারেন, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য সোহেল খান হোটেল মম ইন-এ অবস্থান করছিলেন। সকালে নাশতার সময় অসুস্থ বোধ করায় তিনি কক্ষে ফিরে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পথে অথবা হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি পরীক্ষার মাধ্যমে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সোহেল খানের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 


























