অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে খবরটি ভুয়া বলে জানানো হয়েছে। জ্যাকি চ্যান জীবিত ও সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে জ্যাকি চ্যানের সাদা-কালো ছবি ব্যবহার করে তার নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা হয়েছিল। ফলে অনেকেই পোস্টটিকে সত্যি বলে ধরে নেন। পরে ভক্তদের একাংশ বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলে তার টিমের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নাকচ করা হয়।
সম্পত্তি নিয়ে কী সিদ্ধান্ত জ্যাকি চ্যানের
মৃত্যুর গুজবের মধ্যেই জ্যাকি চ্যানের বিপুল সম্পত্তি নিয়ে তার পুরোনো একটি সিদ্ধান্ত আবারও আলোচনায় এসেছে।
বিভিন্ন সূত্রে তার সম্পত্তির আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এত বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও নিজের একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পত্তি রেখে যেতে চান না বলে আগে জানিয়েছিলেন জ্যাকি চ্যান।
নিজের উপার্জনের বড় একটি অংশ দাতব্য কাজে ব্যবহারের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছিলেন। জ্যাকি চ্যানের বক্তব্য ছিল, ছেলে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে নিজের অর্থ নিজেই উপার্জন করতে পারবে। আর সে যদি নিজের দায়িত্ব নিতে না পারে, তাহলে বাবার বিপুল অর্থও তার কাজে আসবে না।
দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিচয়
আন্তর্জাতিক বিনোদন জগতে দীর্ঘ ক্যারিয়ারে জ্যাকি চ্যান অভিনেতার পাশাপাশি প্রযোজক, পরিচালক, স্টান্ট পারফর্মার ও গায়ক হিসেবেও কাজ করেছেন।
‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’ ও ‘শাংহাই নুন’-সহ একাধিক সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করার কারণেও তার আলাদা পরিচিতি রয়েছে।
প্রতিবেদকের নাম 




















