অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিখ্যাত ‘অস্ট্রেলিয়া জু’তে মা ও মেয়েকে নিয়ে দারুণ একটি দিন কাটিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে পাওয়া পারিবারিক অবসরের নানা মুহূর্ত মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
প্রকাশিত ছবিতে প্রিয়াঙ্কা ও তাঁর মেয়ে মালতী মেরিকে বিভিন্ন বন্যপ্রাণীর কাছাকাছি দেখা গেছে। চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে তাঁরা কোয়ালা কোলে নিয়েছেন। জিরাফ ও ক্যাঙ্গারুকে নিজের হাতে খাবারও খাইয়েছেন মা-মেয়ে। পাশাপাশি গণ্ডার ও রিং-টেইলড লেমুরের সঙ্গেও সময় কাটিয়েছেন তাঁরা।
তবে মালতীর কোলে একটি ছোট শিনগেলব্যাক লিজার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে নজর কেড়েছে।
প্রয়াত বন্যপ্রাণী সংরক্ষক স্টিভ আরউইনের প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানায় গিয়ে আরউইন পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন প্রিয়াঙ্কা। টেরি আরউইন, বিন্দি আরউইন ও চ্যান্ডলার পাওয়েলের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি স্টিভ আরউইনের বন্যপ্রাণী সংরক্ষণের ভাবনার প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে প্রাণীকল্যাণে সবাইকে এগিয়ে এসে অনুদান দেওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী।
বিশেষ এই ভ্রমণের আয়োজন করে দেওয়ার জন্য হলিউড তারকা রাসেল ক্রোকেও আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।
বর্তমানে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’ সিনেমার শুটিং করছেন প্রিয়াঙ্কা। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন রাসেল ক্রো। কাজের ব্যস্ততার মধ্যেই পাওয়া অবসরকে পরিবার নিয়ে স্মরণীয় করে তুলেছেন এই অভিনেত্রী।
প্রতিবেদকের নাম 


























