লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পকে আগামী দিনে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, লেদারভিত্তিক শিল্পগুলো একসঙ্গে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। এ কারণে এসব খাতকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উৎপাদন খাতে বিনিয়োগের অন্যতম সুবিধা হলো তুলনামূলক কম পুঁজিতে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিক্সে দক্ষ জনবল গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দক্ষতা উন্নয়নে বিটাকের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। চাহিদাভিত্তিক কারিগরি শিক্ষা দেওয়ায় প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রেও ভালো করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ সময় কর্মকর্তারা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















