সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আট নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১টার দিকে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অর্ধশতাধিক ব্যক্তি একটি ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।
যারা আটক
আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), পোশাকশ্রমিক ইসমাইল হোসেন (২০), মোজার কারখানার কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটজনকে আটকের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিছিলের সময় সড়কের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সাইদুর ইসলাম আরও বলেন, খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 
























