ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এর প্রভাবে রাজ্যটির বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়।
আইএমডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের মেঘমালার সামনের অংশ ইতোমধ্যে উপকূলে প্রবেশ করেছে। পেছনের অংশও উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছিল।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল। তখন এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।
নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগ অতিক্রম করবে বলে জানিয়েছে আইএমডি। সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী ১২ ঘণ্টা দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে, স্বাভাবিক জোয়ারের তুলনায় প্রায় ১ থেকে ১ দশমিক ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের নিচু উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে।
বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব বেশি পড়তে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।
সূত্র: দৈনিক যুগান্তর
প্রতিবেদকের নাম 























