
গাজীপুরের কালীগঞ্জে নতুন গ্যাস কূপ খনন কার্যক্রম উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা সম্ভব হবে।
বুধবার (২০ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে চারটি নতুন কূপ খননের কার্যক্রম শুরু হয়েছে। এসব কূপ থেকে উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস যুক্ত হবে, যা শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, গ্যাস সরবরাহ বাড়লে বন্ধ বা স্থবির হয়ে থাকা অনেক শিল্পকারখানা পুনরায় উৎপাদনে ফিরতে পারবে, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কিছুটা কমবে।
প্রতিমন্ত্রী জ্বালানি খাতে বৈশ্বিক পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় ও সরবরাহ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকার কথাও উল্লেখ করেন। তিনি জানান, সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে।
আবাসিক গ্যাস সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত সরকারের অগ্রাধিকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। পরে পর্যায়ক্রমে অন্যান্য খাতে সরবরাহ বিবেচনা করা হবে।
কামতা গ্যাসক্ষেত্রটি দীর্ঘদিন ধরে দেশের জ্বালানি উৎপাদনে ভূমিকা রেখে আসছে। নতুন এই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ক্ষেত্রটির উৎপাদন সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















