২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ (রোববার) প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। আনুষ্ঠানিক ঘোষণা শেষে ফল অনলাইনে প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হবে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা নির্ধারিত মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
ফল প্রকাশের পর অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।
এছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে গিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে একজন কর্মকর্তা অনুমোদন ছাড়াই ফলাফলের একটি অংশ ওয়েবসাইটে আপলোড করায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বছর দেশের ৬১ জেলায় ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয় এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়ে শেষ হয়। আর রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭ থেকে ২০ এপ্রিল।
প্রতিবেদকের নাম 




















