পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে থাকা এবং তার সঙ্গে কথিত আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের প্রকাশ্যে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ট্যাগ করে জেমিমা প্রশ্ন করেন, ব্রিটেন আর কতদিন এ বিষয়ে নীরব থাকবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ইমরান খানের পরিবার ও তার রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে আদিয়ালা কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল।
তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কারাগারের বাইরে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে তাকে বেসরকারি হাসপাতালে না নিয়ে সরকারি হাসপাতাল পিআইএমএসে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর তাকে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। একাধিক মামলায় তার সাজা হয়েছে। ইমরান খান ও তার দল এসব মামলাকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
দীর্ঘদিন একাকী বন্দিত্বের অভিযোগ
জেমিমা অভিযোগ করেছেন, ইমরান খান প্রায় তিন বছর ধরে কঠোর কারাবন্দিত্বের মধ্যে রয়েছেন। তার দাবি, প্রায় ১০ মাস ধরে পরিবারের সদস্যদের ইমরানের সঙ্গে দেখা বা যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।
এ ছাড়া বই, আইনজীবী এবং চিকিৎসকদের কাছ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেমিমা।
আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে একাকী বন্দিত্বের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, টানা ১৫ দিনের বেশি একাকী বন্দিত্ব নিষিদ্ধ এবং তা নির্যাতনের পর্যায়ে পড়তে পারে। তার অভিযোগ, ইমরান খান এর চেয়েও দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, দাবি জেমিমার
জেমিমার দাবি, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের পূর্ণাঙ্গ চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ, নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং সপ্তাহে দুইবার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার নির্দেশ দিয়েছেন।
তবে এসব নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
জেমিমা বলেন, বিষয়টি এখন শুধু পাকিস্তানের রাজনৈতিক ইস্যু নয়; এটি একটি মানবাধিকার সংকটে পরিণত হয়েছে।
ব্রিটেনের সঙ্গে ইমরানের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরলেন জেমিমা
ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানাতে গিয়ে ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও উল্লেখ করেছেন জেমিমা।
তিনি বলেন, ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ডে বহু বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন।
জেমিমার মতে, ব্রিটেনের সঙ্গে ইমরানের সম্পর্ক পাঁচ দশকেরও বেশি পুরোনো। পাকিস্তানে ক্যানসার হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তার বিভিন্ন দাতব্য কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও উল্লেখ করেন তিনি।
প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান
জেমিমা জানিয়েছেন, এর আগেও তিনি একাধিকবার ব্রিটিশ সরকারের কাছে ইমরান খানের বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
এবার তিনি ব্রিটিশ সরকারের প্রতি আরও স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানকে তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ইমরান খানের চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
প্রতিবেদকের নাম 




















