ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক বিবৃতিতে জানান, বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করে। তার দাবি, মার্কিন সামরিক বাহিনীর কথিত ‘আকাশ আগ্রাসনের’ জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোসেন মহবি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের উড্ডয়ন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের সার্বভৌম আকাশসীমা রক্ষায় তাদের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো অনুপ্রবেশের কঠোর জবাব দেওয়া হবে।
তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
প্রতিবেদকের নাম 




















