যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার কারণে দেশে তেলের দাম বেড়ে গেলেও তিনি কখনোই এর জন্য ক্ষমা চাইবেন না। তিনি মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে এইটুকু বাড়তি দাম মেনে নেওয়া উচিত।
শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তেলের জন্য তাদের সামান্য কিছু টাকা বেশি দিতে হচ্ছে। তবে তার দাবি, এর বিনিময়ে ইরানকে পারমাণবিক অস্ত্র হাতে পাওয়া থেকে ঠেকানো হচ্ছে। ইরানকে তিনি বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ হিসেবেও উল্লেখ করেন।
তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেটিকে খুব একটা বড় করে দেখছেন না ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানে হামলা করে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তার ভাষ্য, তেলের জন্য এখন গ্যালনপ্রতি ৪ ডলার খরচ করতে হলেও তিনি এতে দুঃখিত নন এবং এ সিদ্ধান্তের জন্য কখনো ক্ষমা চাইবেন না।
ট্রাম্পের এই বক্তব্যের কিছু আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা—দুটোই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৪ ডলার ছাড়িয়েছে, যা এক বছর আগেও ৩ ডলারের কাছাকাছি ছিল।
ট্রাম্প যতই এই মূল্যবৃদ্ধিকে সামান্য বলুন না কেন, সাধারণ আমেরিকানরা বিষয়টি তেমনভাবে দেখছেন না। সিএনএনের একটি জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের পেছনে মানুষের জীবন ও অর্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তার কোনো সার্থকতা নেই।
প্রতিবেদকের নাম 




















