স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি। রোববার (২৪ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কারাবন্দিদের স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, জেল কোড আধুনিকায়ন, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ফার্স্ট এইড ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান জানান, কারাগারের বিদ্যমান জেল কোড যুগোপযোগী করার জন্য তারা প্রয়োজনীয় সুপারিশ পাঠিয়েছে। পাশাপাশি কারাগারের ভেতরে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে বন্দিদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হয় এবং কারাগারের মেডিকেল ইউনিটের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আইসিআরসির প্রশিক্ষণ উদ্যোগকে স্বাগত জানান।
আইসিআরসি জানিয়েছে, তারা পুলিশের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকার প্রশিক্ষণ এবং কারাগার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ আয়োজন করতে আগ্রহী। এ বিষয়ে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এ সময় রোহিঙ্গা সংকটে আইসিআরসির মানবিক সহায়তার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবিক আইন (IHL) অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে আইসিআরসির সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 
























