জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৭ মে) দেওয়া এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
কারিনা কায়সার ছিলেন দেশের কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ–এর কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিভিন্ন ধরনের লাইফস্টাইল ও সচেতনতামূলক কনটেন্টের মাধ্যমে অল্প সময়েই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাই–এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
কারিনা কায়সারের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছেন।
প্রতিবেদকের নাম 




















