বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ৭০০-এর বেশি মানুষের স্বজনেরা এখনও তাদের প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। অনেক পরিবার আজও নিখোঁজ স্বজনদের ফেরার আশায় প্রার্থনা করে।
অনুষ্ঠানে তিনি আবৃত্তিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন, দেশের শিল্প-সংস্কৃতিতে আবৃত্তির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রী জানান, আইন সংশোধনের মাধ্যমে নাচ ও গানের মতো আবৃত্তিকেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















