খুলনায় ভাত চুরির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমল হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালতে জবানবন্দি দেওয়া আসামি হলেন বরিশাল থেকে গ্রেপ্তার হাসনাত হাবিব রিফাত। এ ছাড়া এসআরবি-৬-এর অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনে থেকে তারেক হাসান ওরফে রুবেল এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বরিশালের উজিরপুর থেকে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন জানান, মঙ্গলবার সন্ধ্যায় রিফাত খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে তদন্তের স্বার্থে রিফাত জবানবন্দিতে কী বলেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে এসআরবি-৬-এর অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনে থেকে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি হল গেটের সামনের একজন দোকানদার। তার বাড়ি হরিণটানা থানাধীন খানজাহান নগর এলাকায়। তিনি ওই এলাকার লাল মিয়ার ছেলে।
এ ছাড়া মঙ্গলবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবির অভিযানে বরিশালের উজিরপুর থেকে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের অভয়নগরের শিবপদ সরকারের ছেলে।
প্রতিবেদকের নাম 
























