গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের ভোগড়া স্টেশনের ডিউটি অফিসার আজিজুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ষষ্ঠ তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 


























