
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল আবাসিক হলের ডাইনিংয়ের খাবারে এক নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া দুপুরের খাবার খাওয়ার সময় নিজের প্লেটে স্টিকারটি দেখতে পান।
হৃদয় মিয়া জানান, মাছের তরকারি প্লেটে নেওয়ার সময় একটি স্টিকার চোখে পড়ে। পরে দেখা যায়, এতে এক নারীর ডিজাইন করা ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিংয়ের ম্যানেজারকে জানানো হলে তিনি জানান, রান্নায় ব্যবহৃত ম্যাজিক মসলার প্যাকেট থেকে স্টিকারটি অসাবধানতাবশত খাবারে চলে আসতে পারে।
ঘটনার পর হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, খাবারে এ ধরনের বস্তু পাওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার ইঙ্গিত দেয়। নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, খাবারের মান নিয়ে আগের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ডাইনিংয়ের ম্যানেজার পরিবর্তন করা হয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে আনুষ্ঠানিক অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















