
“জুলাইয়ের ইতিহাস হোক জাতীয়, দলীয় নয়: নাহিদ ইসলাম”
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকালে এনসিপির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জুলাই জাদুঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোর আওতায় আনা প্রয়োজন। জাদুঘর পরিচালনার জন্য অন্তত ২০০ জনবল প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ১২ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবক দিয়ে এটি পরিচালিত হচ্ছে। এতে জাদুঘরটির ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিবাদের নির্মমতা ও কেন্দ্রবিন্দু ছিল গণভবন। শুধু দেশীয় ফ্যাসিবাদ নয়, তৎকালীন সরকারের সময়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বৈদেশিক শক্তিগুলোর যে প্রভাব ছিল, তার চিত্রও জাদুঘরে তুলে ধরা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, জাদুঘরে সীমান্ত হত্যা ও ফেলানির কিছু স্মৃতিচিহ্ন ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে বিএনপির দীর্ঘ ১৬ বছরের নির্যাতনের স্মৃতিচিহ্ন বাড়ানো হয়েছে। এতে জাদুঘরে একটি দলীয় বক্তব্যের প্রাধান্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জাদুঘরে কোনো রাজনৈতিক দলের বিষয় যেন অতিরিক্ত গুরুত্ব না পায়, সেদিকে নজর রাখতে হবে। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ঢাকার বাইরের স্কুল-কলেজগুলোর কোনো নিদর্শনও এখানে রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি জাদুঘরটিকে আরও নান্দনিক ও শৈল্পিকভাবে উপস্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 






















