গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিনের দখল থেকে সড়ক ও ফুটপাত অনেকটা মুক্ত হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলের পরিবেশ স্বাভাবিক হয়।
সড়ক দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, নগরীর যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
অভিযানে মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 























