সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ইরানের সঙ্গে তিনটি সীমান্তপথ পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে মাইসান প্রদেশের আল-শিব এবং বসরা প্রদেশের শালামচেহ সীমান্তপথ দিয়ে যাত্রী চলাচল আবারও শুরু হবে। তবে বাণিজ্যিক পণ্য পরিবহন চালু হতে আরও কয়েক দিন সময় লাগবে।
অন্যদিকে, দিয়ালা প্রদেশের মানদালি সীমান্তপথ দিয়ে আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বাণিজ্যিক পণ্য পরিবহন পুনরায় শুরু করার কথা রয়েছে।
এর আগে, ইরানের ভূখণ্ড থেকে ড্রোন উৎক্ষেপণের স্থান শনাক্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে শনিবার ইরানের সঙ্গে থাকা এই তিন সীমান্তপথ সাময়িকভাবে বন্ধ করে দেয় ইরাক সরকার।
পরিস্থিতি পর্যালোচনার পর সীমান্তপথগুলো ধাপে ধাপে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 




















