নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিশু স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সারা দেশের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর। প্রথম আসর সিলেট স্টেডিয়াম থেকে শুরু হলেও এবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন হবে।
দ্বিতীয় আসরে অংশ নিতে গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার খুদে খেলোয়াড় অনলাইনে নিবন্ধন করেছে। এ বিপুল আগ্রহকে আশাব্যঞ্জক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবার প্রতিযোগীদের বয়সসীমা ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় ক্রীড়া ডিসিপ্লিনের সংখ্যা ৮ থেকে বেড়ে ১০টি হয়েছে।
তারেক রহমান বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, সম্ভাবনার বিকাশ এবং ভবিষ্যৎ ক্রীড়া নেতৃত্ব গড়ে তোলার কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান কিশোর-কিশোরীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসবে, যারা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে।
প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় শক্তি নতুন প্রজন্ম। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।
খেলাধুলাকে শুধু বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। এ জন্য তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়, জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য সমান সুযোগ তৈরি এবং নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও বিকাশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় শিশুরাও যেন যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
নতুন কুঁড়ি স্পোর্টস ইতোমধ্যে কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রথম আসরে ১২ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬৮ হাজারেরও বেশি খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। গত ২৭ জুলাই ঢাকা আর্মি স্টেডিয়ামে প্রথম আসরের সমাপ্তি হয়।
প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন প্রতিভাবান খুদে ক্রীড়াবিদকে উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকে বিশেষ প্রতিভাসম্পন্ন ৪০ জনকে সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাণীতে তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এ অংশগ্রহণকারী সব খুদে ক্রীড়াবিদ, অভিভাবক, প্রশিক্ষক, আয়োজক এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
প্রতিবেদকের নাম 




















