সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুতই জারি হবে প্রজ্ঞাপন।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ কর্মসূচির সঙ্গে নতুন পে স্কেলের কোনো সম্পর্ক রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই। কাজ চলছে। পে স্কেল হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না।”
পে স্কেল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন ভিন্ন প্রতিবেদনের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি বারবার মন্তব্য করতে চান না। সময় হলে সরকার আনুষ্ঠানিকভাবেই বিস্তারিত জানাবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, স্বাস্থ্যসেবা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন।
সম্প্রতি আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন পে স্কেলের অর্থায়নের উৎস সম্পর্কে আলোচনা হলেও অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফ সরাসরি পে স্কেল বাস্তবায়নে কোনো আপত্তি জানায়নি। বরং রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
এর আগে গত বছরের ২৭ জুলাই গঠিত ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়।
কমিশনের হিসাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে নাসিমুল গনি কমিটি। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে বাজেটে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে, যার একটি বড় অংশ সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য ব্যয় করা হবে।
প্রতিবেদকের নাম 

























