পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড ক্রিকেট দল। ডার্বিশায়ারের একটি নাইটক্লাবে মারামারির ঘটনায় পুলিশের হাতে আটক হওয়ার পর দল থেকে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স।
শনিবার (২২ আগস্ট) রাতে ডার্বি শহরের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে। পরে ডার্বিশায়ার কনস্ট্যাবুলারি জানায়, শহরের কেন্দ্রে মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণের সন্দেহে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর রোববার রাতে বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে ঘটনাটি স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়। ফলে কার্সের আচরণ নিয়ে পৃথক তদন্তও শুরু হতে যাচ্ছে।
এরই মধ্যে দ্বিতীয় টেস্টের দল থেকে কার্সকে সরিয়ে দিয়েছে ইসিবি। সোমবার (২৪ আগস্ট) তার পরিবর্তে সনি বেকারকে দলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ইসিবি এক বিবৃতিতে জানায়, তদন্ত চলমান থাকা এবং ঘটনার পুরো তথ্য হাতে না পাওয়া পর্যন্ত দ্বিতীয় টেস্টের দলে ব্রাইডন কার্স থাকছেন না। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সনি বেকারকে।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টের আগে দলের অন্যতম পেসারকে হারানোয় ইংল্যান্ড শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 






















