বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নিউইয়র্কের হার্ডসন ইয়ার্ড যেন রূপ নিয়েছে এক উৎসবমুখর প্রাঙ্গণে। অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় সাজানো বহুতল আকৃতির একটি অনন্য স্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।
বিশেষভাবে নির্মিত এ স্থাপনাটি ইট-পাথরের নয়; বিভিন্ন অংশ জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি তলায় শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর পতাকা, যা বিশ্বকাপের রঙিন আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ম্যাচ শুরুর আগেই অসংখ্য ফুটবলপ্রেমী সেখানে ভিড় করেন। অনেকেই স্থাপনাটির ওপর উঠে শহরের ভিন্নরকম সৌন্দর্য উপভোগ করেন এবং স্মৃতিময় ছবি তুলে রাখেন। এ সুবিধা নিতে প্রাপ্তবয়স্কদের ১০ ডলার এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ৫ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।
হার্ডসন ইয়ার্ডের ফ্যান জোনে বড় পর্দায় খেলা উপভোগের জন্য রয়েছে চেয়ার, বেঞ্চ ও খোলা জায়গা। কয়েকশ দর্শক বসে খেলা দেখতে পারলেও আশপাশের খোলা স্থানে দাঁড়িয়ে বা বসে আরও হাজারো ফুটবলপ্রেমী ম্যাচ উপভোগ করেন।
ফ্যান জোনের পাশে শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিশ্বকাপ স্মারক সামগ্রী বিক্রির জন্য ফিফার শোরুমও স্থাপন করা হয়েছে। সেখানে দর্শনার্থীরা বল, মগ, জার্সি ও বিভিন্ন স্মারক সংগ্রহ করতে পারছেন।
বিশ্বকাপ উপলক্ষে হার্ডসন ইয়ার্ড এখন শুধু খেলা দেখার স্থান নয়, বরং ফুটবলপ্রেমীদের মিলনমেলা ও উৎসবের এক প্রাণবন্ত কেন্দ্র হয়ে উঠেছে।
প্রতিবেদকের নাম 




















