অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা।
এরপর থেকেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা— তবে কি সত্যিই বাগদান সারলেন এই অভিনেত্রী?
বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে নীহার এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাকিস্তানি এক তরুণের সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে বিদেশ সফরে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়।
এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে একটি নাটকের প্রচারণার অংশ বলে ব্যাখ্যা করেছিলেন।
তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















