পাবনার সাঁথিয়া উপজেলায় অস্থায়ী পশুহাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভার ইছামতী নদীর ডাইকের পাশে পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুহাট স্থাপনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়ে উদ্যোগ নেওয়া হয়। এরপর উপজেলা পরিষদে হাট ইজারা (নিলাম) ডাকের আয়োজন করা হয়।
নিলাম প্রক্রিয়ায় ২৬ জন অংশগ্রহণকারী ২০ হাজার টাকা করে জমা দিয়ে অংশ নেন। তবে ইজারা প্রক্রিয়া চলাকালে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রথম দফায় নিলাম স্থগিত করা হয়।
পরে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় পুনরায় নিলাম ডাকের আয়োজন করা হলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী উপজেলা পরিষদ হলরুম ত্যাগ করেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঈদুল আজহার পূর্বদিন রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, ইছামতী নদীর ডাইকের পাশে অস্থায়ী পশুহাট হিসেবে এখনো কোনো পক্ষকে ইজারা দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















