
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি জানান, পূর্বাচলে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।
এ ছাড়া পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আইজিপি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে পুরোপুরি ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে।
বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















