রোগ নির্ণয়ের নমুনা সংরক্ষণের জন্য নির্ধারিত ফ্রিজে রাখা হয়েছিল তাজা মাছ। এমন অনিয়মের প্রমাণ মিলেছে টাঙ্গাইলের সখীপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারে। পরে প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) সকালে সখীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের ফ্রিজে তাজা মাছ সংরক্ষণ করতে দেখা যায়।
এ ঘটনায় প্যাথলজি বিভাগটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পাশের গ্রিণ লাইফ হসপিটালেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে কয়েকটি মেয়াদোত্তীর্ণ ক্যানুলা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া আশপাশে থাকা আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অনিয়ম কিংবা ভোক্তার স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 



















