
বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ বরাদ্দ সিটি করপোরেশনের আওতায় থাকা বিরোধীদলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি। তবে পরবর্তীতে সেসব এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন।’
এরপর ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে ফ্লোর দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রীকে আবারও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে পরবর্তীতে সিটি করপোরেশন এলাকাগুলোতেও এ ধরনের বরাদ্দ দেওয়া হবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্যকিছু হয়নি।’
স্পিকার আরও বলেন, বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকায় তিনি নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারছেন না। এর আগে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব দেওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানান।
প্রতিবেদকের নাম 




















