বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজবাড়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে রাজবাড়ী সদর থানায় দায়ের করা মামলায় তাকে তদন্তে পাওয়া আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।
রাজবাড়ী জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, রাজবাড়ী সদর থানার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা হাজতে থাকা কাজী কেরামত আলীকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলাটি সদর থানার জিআর ৩২৮/২৪ নম্বরের। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
তিনি আরও জানান, কাজী কেরামত আলী বর্তমানে মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে চারটি রাজবাড়ী সদর থানার এবং একটি গোয়ালন্দ ঘাট থানার মামলা। দুটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বাকি তিনটি মামলায় এখনো জামিন পাননি।
এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ৬ এপ্রিল কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৭ এপ্রিল তাকে রাজবাড়ীতে নেওয়া হয় এবং সেখানকার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রতিবেদকের নাম 

























