ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, বৈঠকে বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরসহ আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রম ২৪ ঘণ্টা পরিচালনার প্রস্তাব দেন। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মাহদী আমিন জানান, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে দেশের প্রতিটি বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করবে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগ পরিবেশ এবং শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কীভাবে আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতামত দেন।
প্রতিবেদকের নাম 

















