ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অভিন্ন ইতিহাসের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব দিন দিন আরও বিকশিত হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে। দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারতের অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকার আরও জোরদার করতে হবে। একই সঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করতে হবে। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ভোরে হাইকমিশন প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও সংবর্ধনা দেন হাইকমিশনার।
এ ছাড়া দিবসটি উপলক্ষে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা মিশনসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকেও ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়।
প্রতিবেদকের নাম 




















