চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ হামলার পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এলাকায় অভিযান শুরু করে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সদ্য স্থাপিত র্যাব ক্যাম্পকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়ে সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে এ হামলার জন্য ‘ইয়াসিন বাহিনী’কে দায়ী করা হয়েছে। যৌথ বাহিনীর আগের অভিযানে এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর রাত ৩টার দিকে যৌথ বাহিনী পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলে। অভিযানে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু, মাদক কারবারি ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্যমতে, এলাকায় প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সেখানে পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে তোলে এবং অস্ত্র ও মাদকের নেটওয়ার্ক তৈরি করে।
গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসীরা ওই এলাকার নিয়ন্ত্রণ হারায়। অভিযানে ২২ জন গ্রেপ্তার হলেও ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে।
প্রতিবেদকের নাম 


























